বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িক স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।
বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িক স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।
একই সঙ্গে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে ঘটনার নিন্দা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, টানা বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কোথাও পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়েছে, আবার কোথাও শিক্ষার্থীদের দীর্ঘ যানজট, বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা কিংবা কোমরসমান পানি অতিক্রম করে কেন্দ্রে যেতে হয়েছে। অনেক অভিভাবকও ঝুঁকি নিয়ে সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছেন।
জোটের নেতারা বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে একই ধরনের দুর্যোগে আক্রান্ত অন্যান্য অঞ্চলে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত বৈষম্যমূলক বলে তারা মন্তব্য করেন।
বিবৃতিতে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করা হয়। নেতাদের দাবি, দুর্যোগে থাকা শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে দেওয়া মন্তব্য গ্রহণযোগ্য নয়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগকে তারা নিন্দনীয় বলে উল্লেখ করেন।
গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার বাস্তব অবস্থা বিবেচনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা বোর্ড ও পরীক্ষাকেন্দ্রগুলোর পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে দুর্গত এলাকায় ত্রাণ, উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া জাতীয় সংসদ অভিমুখে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।
বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তাওফিকা প্রিয়া স্বাক্ষর করেন।
এসআর