[email protected] বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ২:১২ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে শাহবাগ, সায়েন্সল্যাব, মগবাজার ও উত্তরাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় তাদের সমাবেশ দেখা যায়।

শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

নীলক্ষেত এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয় এবং সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

তাদের দাবি, চলমান পরিস্থিতির বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

অন্যদিকে আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে।

এসআর

সম্পর্কিত খবর