[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

এইচএসসি: পুনঃপরীক্ষার আশ্বাস, পড়ার টেবিলে ফেরার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ৬:৩১ পিএম

সংগৃহীত ছবি

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, পরীক্ষা আয়োজনের আগে দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়েই নির্ধারিত সময়সূচি বহাল রাখা হয়েছিল। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা শেষে পরিস্থিতি অনুকূলে থাকবে বলে ধারণা করা হয়েছিল।


তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে আগে থেকেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্য এলাকায় বড় ধরনের কোনো সমস্যা না থাকায় পরীক্ষা যথাসময়ে নেওয়া হয়।

কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হলে দ্রুত কেন্দ্র পরিবর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়।


পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দুটি প্রশ্নে ভুল শনাক্ত হওয়ায় ওই প্রশ্নগুলোর জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি জানান, প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কাজ অনেক আগে শুরু হওয়ায় বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই ওই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।


সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগ বা প্রশাসনিক সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে এমন ব্যবস্থা ইতোমধ্যে রাখা হয়েছে।


শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অযথা দুশ্চিন্তা না করে সবাই যেন নিয়মিত পড়াশোনা চালিয়ে যায়। সরকার সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।


এদিকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কৃষি শিক্ষা সমৃদ্ধ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে সংসদকে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে এবং ভবিষ্যতে সেখানে আধুনিক কৃষি অনুষদ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর