শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আগামী বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ।
এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
ক্যাম্পাসে বিজিবিকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিমুখী সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশও অবস্থান নেয়।
এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলের এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।
এর আগে সোমবার টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।
পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা নীলক্ষেত-টিএসসি সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
এসআর