দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিরাজ করলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
তাদের মতে, মাঠপর্যায়ের প্রশাসনের তথ্য ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও অন্যান্য শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে যাতায়াতে কিছুটা সমস্যা হলেও প্রশাসনের সহায়তায় পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।
কমিটির ভাষ্য, ১২ লাখের বেশি শিক্ষার্থীর পরীক্ষা, ফল প্রকাশ এবং পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমের সময়সূচি বিবেচনায় ঘন ঘন পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে বা পরীক্ষা গ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসআর