[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ইবি ছাত্রদলের আনন্দ মিছিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ভিত্তিপ্রস্তর এলাকায় গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

 

মিছিল চলাকালে ছাত্রদলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ, সদস্য সচিব মো. রাফিজ আহমেদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ বর্তমান ও সাবেক নেতারা এবং সংগঠনের বিপুলসংখ্যক কর্মী।

 

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সদস্য সচিব মো. রাফিজ আহমেদ বলেন, নতুন কমিটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করবে। পাশাপাশি শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

আহ্বায়ক মাসুদ রুমি মিথুন জানান, আগামী এক মাসের মধ্যে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে। নিরাপদ, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতেও ছাত্রদল ভূমিকা রাখতে চায়।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সংগঠনটি সক্রিয় থাকবে এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গেও বিষয়ভিত্তিক আলোচনা ও আন্দোলনে অংশ নেবে।

 

এ সময় সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন। তিনি অতীতের বিভিন্ন আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর