দেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বর্তমান লটারি পদ্ধতির পাশাপাশি পরীক্ষাভিত্তিক মূল্যায়ন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হতে পারে।
বৃহস্পতিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষাটি সীমিত পরিসরের এবং সহজধরনের হবে। এর উদ্দেশ্য শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা নয়। তিনি জানান, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নির্ধারিত এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) বিষয়টি বিবেচনার পাশাপাশি একটি সংক্ষিপ্ত পরীক্ষার ফলও গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, অতীতে প্রচলিত ভর্তি পরীক্ষার ব্যবস্থায় নানা ধরনের অনিয়মের অভিযোগ ছিল। নতুন পদ্ধতিতে সেসব সমস্যা দূর করে আরও কার্যকর ও গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীতে এই পদ্ধতি বেসরকারি বিদ্যালয়েও সম্প্রসারিত হয়। করোনা মহামারির সময় ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয় এবং পরবর্তী বছরগুলোতেও একই ব্যবস্থা অব্যাহত ছিল।
তবে দীর্ঘদিন পর আবারও শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষার উপাদান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যা আগামী শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
এসআর