[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩

২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ৯:০০ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছরের মাধ্যমিক পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁসসহ কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি, যা সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি জানান, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংস্কার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর স্থগিত থাকা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষাগুলোও সম্পন্ন করা হয়েছে।

ড. মিলন বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বৃত্তি কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে যে জটিলতা ছিল, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তার সমাধান করা হয়েছে। ফলে বৃত্তি কার্যক্রম সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।

সেশনজট নিরসনের বিষয়ে তিনি বলেন, পাঠ্যক্রম শেষ হওয়ার পর দ্রুত এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতির সুবিধার্থে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ অব্যাহত রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ৪ এপ্রিল থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশে মানবিক মূল্যবোধের সঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

 

এসআর

সম্পর্কিত খবর