[email protected] বৃহঃস্পতিবার, ১৮ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

কুবিতে ‘স্পিক-আপ’ সেমিনার, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১:৫৭ এএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা কৌশল এবং পেশাগত প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘SpeakUP: Building Voices, Inspiring Impact’ শীর্ষক একটি দক্ষতা উন্নয়নমূলক সেমিনার।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নুল হাসান।

তিনি ‘Public Speaking & Presentation Mastery’ বিষয়ে আলোচনা করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপন, শ্রোতাদের মনোযোগ ধরে রাখা এবং কার্যকর যোগাযোগের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন।

এছাড়া আলোচক হিসেবে অংশ নেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি ও ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহাগ আহমেদ।

তিনি ‘Boosting Your Spoken English Through BP Debate’ শীর্ষক আলোচনায় বিতর্কচর্চার মাধ্যমে ইংরেজি ভাষায় সাবলীলতা অর্জন, যুক্তি বিশ্লেষণ এবং সমালোচনামূলক চিন্তার বিকাশের বিষয়গুলো তুলে ধরেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

অংশগ্রহণকারীরা বক্তাদের কাছ থেকে জনসম্মুখে বক্তব্য প্রদান, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা লাভ করেন।

আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি নাজমুস সাকিব বলেন, “বর্তমান সময়ে কেবল একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; সেই জ্ঞানকে সঠিকভাবে উপস্থাপন করার সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেজেন্টেশন ও যোগাযোগ দক্ষতা শিক্ষার্থীদের শিক্ষা, কর্মক্ষেত্র ও নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে এগিয়ে যেতে সহায়তা করে।”

অন্যদিকে, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আস সাদি বলেন, “নিয়মিত বিতর্কচর্চা একজন শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্লেষণী চিন্তা ও যুক্তি উপস্থাপনের ক্ষমতা বাড়ায়। এসব দক্ষতা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা রাখে।”

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর