[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়ায় এক্সচেঞ্জ প্রোগ্রামে কুবি শিক্ষার্থীদের আবেদন শুরু

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)-এ এক সেমিস্টারের শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইউনিমাসের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এ এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

 

আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে প্রথম বর্ষ অথবা দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন থাকতে হবে। একই সঙ্গে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ অর্জন করতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস, টোফেল, পিটিই, কেমব্রিজ, সিইএফআর কিংবা বিশ্ববিদ্যালয় প্রদত্ত মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদের যেকোনো একটি গ্রহণযোগ্য হবে।

 

আবেদনকারীদের পূরণকৃত ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র একত্রে একটি পিডিএফ ফাইলে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে “UNIMAS Application” উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি ও সামাজিক পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জনের সুযোগ তৈরি হয়।

 

তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আন্তর্জাতিক কর্মসূচি তুলনামূলকভাবে নতুন হলেও শিক্ষার্থীদের বৈশ্বিক পরিসরে সম্পৃক্ত করতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে বাছাই করে পরবর্তী ধাপে মনোনয়নের জন্য পাঠানো হবে।

 

তার মতে, এই কর্মসূচি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য মূল্যবান অভিজ্ঞতা এনে দেবে।

এসআর

সম্পর্কিত খবর