[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের ছুটিতে ইবি হলে চুরির চেষ্টা, তাড়া খেয়ে পালাল দুর্বৃত্ত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ৯:৪৪ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়-এর শাহ আজিজুর রহমান আবাসিক হলে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।

তবে স্থানীয়দের সতর্কতা ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলেও ফেলে যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হলের ন্যাশনাল ব্লকের প্রথম ও দ্বিতীয় অংশে এ ঘটনা ঘটে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছুটির কারণে হল প্রায় ফাঁকা থাকায় সুযোগ নিয়ে এক ব্যক্তি ভেতরে ঢুকে পড়ে। পরে বিভিন্ন কক্ষের বারান্দা ও বাথরুম এলাকা থেকে রান্নার কাজে ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং লোহার হ্যাঙ্গার একটি বস্তায় ভরতে থাকে। হল থেকে বের হওয়ার সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সচালক মুন্সী আনিসুর রহমান তাকে চ্যালেঞ্জ করেন।

 

পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে হলের তৃতীয় ব্লকের দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা বস্তা থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী মুন্সী আনিসুর রহমান জানান, হল বন্ধ থাকায় অপরিচিত কাউকে ঘোরাফেরা করতে দেখে তার সন্দেহ হয়। তিনি চিৎকার দিলে লোকটি আতঙ্কিত হয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

 

দায়িত্বরত আনসার সদস্য গওহর আলী বলেন, শব্দ শুনে তিনি গেটের দিকে এগোলেও ততক্ষণে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

 

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। হলের প্রতিটি কক্ষ পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন ও রাতের পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বড় ধরনের কোনো চুরি হয়নি। বারান্দায় থাকা কিছু ব্যবহৃত রান্নার সামগ্রী নেওয়ার চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় কারও অবহেলা ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২১ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ২৩ দিনের ছুটি চলছে। এ সময় ২৩ মে সকাল ১০টা থেকে আগামী ৭ জুন সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর