পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগে আগামী শনিবার (২৩ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না—এ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শ্রেণি কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সর্বশেষ নির্দেশনা অনুযায়ী শনিবার বিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ নিয়ে দিনভর আলোচনা শেষে মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শনিবার বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছিল। পরে মন্ত্রণালয়ের নির্দেশনার পর আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।
বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি। এসব প্রতিষ্ঠানে কয়েক লাখ শিক্ষক কর্মরত রয়েছেন এবং প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর