[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ইংরেজি শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ১০:২৩ পিএম

সংগৃহীত ছবি

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশের ইংরেজি শিক্ষার মান বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আজ বুধবার যুক্তরাজ্যে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক

 বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই আগ্রহের কথা জানান। দেশের ইংরেজি পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

​যুক্তরাজ্যে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের গ্রোথ মার্কেট বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার এবং বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরা হয়। এর মধ্যে বিশেষ করে ইংরেজি পাঠ্যক্রম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন জোরদার করা, মূল্যায়ন প্রক্রিয়া আরও ফলপ্রসূ করা এবং বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে উভয় পক্ষের মধ্যে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে এবং আগামীতে দেশের শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়নে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপারে দুই পক্ষই গভীর আগ্রহ প্রকাশ করেছে।

এসআর

সম্পর্কিত খবর