বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বিরুদ্ধে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
অভিযোগের প্রেক্ষিতে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় ডাকা হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত ঢাকার উদ্দেশে রওনা হন। দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় কেন্দ্রীয় নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিস্তারিত ব্যাখ্যা জানতে চান।
অভিযোগ রয়েছে, সম্প্রতি মহাসড়কে মাছবাহী গাড়ি আটকে চাঁদা আদায় এবং আরেকটি গাড়িতে হামলা ও চালককে মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাওয়ার পর কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।
বিশ্ববিদ্যালয় শাখার একাধিক নেতাকর্মীর দাবি, অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ঘটনাগুলো কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাই সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে।
এদিকে সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত জানান, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।
শাখা সভাপতি মোশাররফ হোসেন বলেন, সাংগঠনিক কাজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখাকে ঘিরে সাম্প্রতিক বিষয়গুলো নিয়েও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা হবে।
অন্যদিকে, নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা তারিক হাসান মামুন বলেন, অভিযোগের বিষয়ে তারা অবগত রয়েছেন এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির–এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এসআর