[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেরোবির সাবেক ভিসি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬ ১০:০৭ পিএম

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুর রশীদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। ঘটনার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন বলে দাবি করা হয়েছে।

অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন।

২০২১ সালে চার বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন তিনি। দায়িত্ব পালনকালে সংঘটিত আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার রায় ঘোষণা করে।

রায়ে ৩০ আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে তার বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর