[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের বড় দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ২:০৭ পিএম

সংগৃহীত ছবি

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম।

গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সোমবার (২৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের অস্থিরতা এবং দেশটির মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানকে এ দরবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৬ ডলার ৫১ সেন্টে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমে যায়। গত মার্চের পর এটিই ছিল স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের দরপতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এর প্রভাব পড়েছে দেশটির সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশায়। পরিস্থিতির পরিবর্তনে স্বর্ণের বাজার কিছুটা ইতিবাচক সমর্থন পেয়েছে।

সিএমইর ফেডওয়াচ টুলের পরিসংখ্যান অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে ৯৩ দশমিক ৫ শতাংশে নেমেছে।

আগের সপ্তাহে এ সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ ছিল। সাধারণত সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে।

তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক দরবৃদ্ধিকে স্বর্ণের নিম্নমুখী প্রবণতার স্থায়ী অবসান হিসেবে দেখার সুযোগ নেই।

শেয়ারবাজারে অস্থিরতা দীর্ঘায়িত হলে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে অন্যান্য সম্পদ বিক্রি করতে পারেন। এমন পরিস্থিতিতে স্বর্ণের দামেও নতুন করে নিম্নমুখী চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৩ শতাংশ বেড়ে ৪২ ডলার ৪১ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

এতে প্লাটিনামের প্রতি আউন্সের দাম হয়েছে ১ হাজার ৩১৪ ডলার ৮৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ৯০৩ ডলার ১৫ সেন্টে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর