[email protected] মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বৈঠক পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত সভাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।

 

সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরবর্তী বৈঠকের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

 

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সদস্যকে ছাড়া বৈঠক করা সমীচীন হবে না বলেও জানান তিনি। দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে।

 

এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে সর্বনিম্ন মাসিক বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই বৈঠকে মালিকপক্ষ কোনো প্রস্তাব উপস্থাপন করেনি। এ জন্য তাদের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে চার দিন সময় দেওয়া হয়।

 

সোমবারের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপন এবং শ্রমিকদের দাবির সঙ্গে তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ায় নতুন মজুরি নির্ধারণের আলোচনা আপাতত পিছিয়ে গেল।

এফ/ডি

সম্পর্কিত খবর