[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

মসলা উৎপাদনে অগ্রগতি, ২৭ ফসলে ৬০টি উন্নত জাত উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে মসলাজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে গবেষণার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বগুড়া মসলা গবেষণা কেন্দ্র (এসআরসি)।

১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা ২৭ ধরনের মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন। পাশাপাশি মসলা চাষ ও উৎপাদন ব্যবস্থাপনায় তৈরি করেছেন ১৫০টি প্রযুক্তি।

 

কৃষি গবেষকদের মতে, এসব নতুন জাত ও প্রযুক্তির ব্যবহার বাড়লে দেশে মসলার উৎপাদন আরও বাড়বে। এতে বিদেশ থেকে মসলা আমদানির ওপর নির্ভরশীলতাও কমানো সম্ভব হবে।

 

গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানান, পেঁয়াজ, রসুন, আদা ও হলুদের মতো নিত্যপ্রয়োজনীয় মসলা উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে অগ্রগতি অর্জন করেছে। তবে উদ্ভাবিত উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি কৃষক পর্যায়ে আরও ছড়িয়ে দিতে পারলে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।

 

জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যশস্য চাষের সম্প্রসারণের কারণে মসলা চাষের জমি কমে যাওয়ায় দেশে চাহিদার তুলনায় উৎপাদনে ঘাটতি রয়েছে। এসআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৪ লাখ ৪৮ হাজার হেক্টর জমিতে বছরে ৪৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টন মসলা উৎপাদিত হয়। তবে সংরক্ষণ ও পরবর্তী ব্যবস্থাপনায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হওয়ায় ব্যবহারযোগ্য উৎপাদনের পরিমাণ কমে প্রায় ৩৪ লাখ মেট্রিক টনে দাঁড়ায়। বিপরীতে বার্ষিক চাহিদা প্রায় ৪৭ লাখ ৮৮ হাজার মেট্রিক টন। ফলে ঘাটতি থাকছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন।

 

বগুড়ার শিবগঞ্জে অবস্থিত মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) অধীন পরিচালিত এ প্রতিষ্ঠানটি দেশের একমাত্র বিশেষায়িত মসলা গবেষণা কেন্দ্র। এখান থেকে উদ্ভাবিত জাত ও প্রযুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণ করা হচ্ছে।

 

তিনি বলেন, বস্তায় আদা চাষ, উন্নত জাতের পেঁয়াজ ও হলুদ উৎপাদনসহ আধুনিক কৃষিপদ্ধতি ব্যবহারে কৃষকরা ইতিবাচক ফল পাচ্ছেন। কৃষকদের উন্নত বীজ সরবরাহ, প্রশিক্ষণ এবং সেচ, সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণের প্রযুক্তিও পৌঁছে দেওয়া হচ্ছে।

 

আমদানিনির্ভর এলাচ, দারুচিনি, তেজপাতা, রাঁধুনি ও জিরার মতো মসলার দেশীয় উৎপাদন বাড়াতেও গবেষণা চলছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা মরিচ থেকে পেস্ট ও গুঁড়া তৈরির প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। আলুবোখারার আচার, জ্যাম, চাটনি ও মোরব্বাসহ বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরির প্রযুক্তিও তৈরি হয়েছে। এসব উদ্যোগের ফলে ফসল সংগ্রহের পর নষ্ট হওয়ার পরিমাণ কমানো সম্ভব।

 

ড. মাসুদ আলমের মতে, মসলা গবেষণাকে আরও এগিয়ে নিতে আধুনিক পরীক্ষাগার, পর্যাপ্ত অর্থায়ন এবং উন্নত সংরক্ষণাগার প্রয়োজন। বিশেষ করে পেঁয়াজ ও রসুনের পচন রোধে কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানো জরুরি। পাশাপাশি চাষিদের সহজ শর্তে ঋণ ও নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

 

মসলা উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মাসুদুর রহমান জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৬৩ হাজার মেট্রিক টন মরিচ আমদানি করতে হয়েছে। উৎপাদন ভালো হলেও সংরক্ষণের অভাবে অনেক সময় চাহিদা মেটাতে আমদানির প্রয়োজন পড়ে। এ সমস্যা মোকাবিলায় কৃষকদের মধ্যে মরিচ শুকানো ও গুঁড়া করার জন্য চিলি ড্রায়ার মেশিন সরবরাহ করা হচ্ছে।

 

তিনি আরও জানান, বর্ষা মৌসুমে মরিচের সংকট কমাতে চৈত্র ও বৈশাখ মাসে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া দারুচিনি, গোলমরিচ ও তেজপাতার চারা উৎপাদনে মাতৃবাগান গড়ে তোলার কাজ চলছে।

 

আদার উৎপাদন বাড়াতে পাহাড়ি এলাকায় চাষের পাশাপাশি সমতলে বস্তায় আদা উৎপাদনের প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে দেশের মোট আদার চাহিদার প্রায় ৪০ শতাংশ আসে বলে জানান তিনি।

 

দেশে জিরা চাষ সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে ৫০ বিঘা জমিতে জিরা চাষ করা হয়েছিল। কৃষকদের সাফল্যের পর চলতি বছর তা বাড়িয়ে ১৩০ বিঘা জমিতে চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা অববাহিকার কয়েকটি এলাকায় এ চাষ হচ্ছে। এর মধ্যে কুষ্টিয়া সদর, রাজশাহীর গোদাগাড়ী, ফরিদপুর, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহ, পাবনার ঈশ্বরদী এবং চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা রয়েছে। প্রতিবছর জিরা আমদানিতে প্রায় ৯০০ থেকে এক হাজার কোটি টাকা ব্যয় হয়।

 

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম জানান, পেঁয়াজের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে। চলতি বছর ১৫ হাজার মেশিন দেওয়া হয়েছে। এর আগে বিতরণ করা হয়েছিল আরও ১১ হাজার ৭০০টি। এ উদ্যোগের ফলে এ বছর পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি বলে জানান তিনি।

 

তিনি বলেন, আদা, গ্রীষ্মকালীন টমেটো ও বর্ষাকালীন মরিচের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বর্ষা সহনশীল মরিচের জাত উদ্ভাবন এবং বস্তায় আদা চাষের প্রযুক্তি সম্প্রসারণের কাজ চলছে। গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনের উপযোগী জমি চিহ্নিত করতেও বিভিন্ন এলাকার মাটির গুণাগুণ পরীক্ষা করা হচ্ছে।

 

মহাপরিচালক আরও বলেন, এলাচ ও দারুচিনির মতো কিছু মসলা উৎপাদনে বাংলাদেশের মাটি ও আবহাওয়া পুরোপুরি উপযোগী নয়। তবে জিরাসহ বিভিন্ন মসলার চাষ সম্প্রসারণে গবেষণা অব্যাহত রয়েছে। নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

এফ/ডি

সম্পর্কিত খবর