[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

শীতের সবজিতে কমছে দাম, মাছ-মাংসের বাজারে স্বস্তি নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১১:০৯ এএম

সংগৃহীত ছবি

শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়তে থাকায় রাজধানীর বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে।

শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো সবজি তুলনামূলক কম দামে পাওয়ায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে টমেটো, গাজর, কাঁচামরিচ ও গোল বেগুনের দাম এখনো বেশি। অন্যদিকে মাছ ও মাংসের বাজারে আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

 

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরা এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

 

বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা। মুলা পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকায়। ধুন্দল, ঝিঙা ও মেটে আলুর দাম কেজিতে ৫০ টাকা।

 

তবে টমেটোর দাম কেজিপ্রতি ১০০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায় এবং গাজর ১২০ টাকা কেজি। গোল বেগুনের দাম ৮০ টাকা হলেও অন্য জাতের বেগুন মিলছে ৪০ থেকে ৫০ টাকায়।

 

এ ছাড়া দেশি শসা ৪০ টাকা ও হাইব্রিড শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শ ও কচুমুখি ৩০ থেকে ৪০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৪০ থেকে ৬০ টাকা কেজি। প্রতিটি লাউ ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ২০ টাকা এবং মিষ্টিকুমড়া ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আলুর দাম কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা।

 

বিক্রেতাদের ভাষ্য, শীতের আগাম সবজি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। ফলে কয়েক ধরনের সবজির দাম কমেছে। সামনে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

 

সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এ ছাড়া কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩২০ থেকে ৪০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ইলিশের দাম আকার ও মানভেদে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। বড় আকারের কিছু ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত উঠেছে।

 

মাংসের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৫ নভেম্বর প্রকাশিত খুচরা বাজারদরের প্রতিবেদনেও পণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, সুগন্ধি পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে।

এফ/ডি

সম্পর্কিত খবর