[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিএসটিআইয়ের পরীক্ষায় সয়াবিন তেলে ভারী ধাতু মেলেনি: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে বিক্রি হওয়া ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সাম্প্রতিক একটি গবেষণায় সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ বক্তব্য দেন।

 

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

 

মন্ত্রী জানান, বিএসটিআই খোলাবাজার থেকে সংগ্রহ করা ১৯৩টি ফর্টিফাইড সয়াবিন তেলের নমুনা নিজস্ব স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করেছে। এসব নমুনার কোনোটিতেই ভারী ধাতুর অস্তিত্ব শনাক্ত হয়নি বলে দাবি করেন তিনি।

 

খাদ্যে ভেজাল এবং নিম্নমানের পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধে বিএসটিআইয়ের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারগুলোর একটি। এ উদ্দেশ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানো এবং দেশের বিভিন্ন অঞ্চলে নজরদারির পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

শিল্পমন্ত্রী আরও বলেন, নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাত বন্ধ করতে নিয়মিত তদারকির পাশাপাশি বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন।

 

শিল্পসচিব আব্দুন নাসের খান বলেন, বিএসটিআইয়ের মানচিহ্ন পণ্যের গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে ক্রেতাদের আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 

অনুষ্ঠানে বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ এবং মানচিহ্নের অবৈধ ব্যবহার বন্ধে পৃথক গোয়েন্দা ইউনিট গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

এদিন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) কাছ থেকে হালাল সার্টিফিকেশন অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করে বিএসটিআই। অনুষ্ঠানে বিএবির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম শিল্পমন্ত্রীর মাধ্যমে বিএসটিআইয়ের মহাপরিচালকের হাতে সনদটি তুলে দেন।

 

বিএসটিআই আশা করছে, এ স্বীকৃতি হালাল পণ্যের মান নিয়ন্ত্রণ ও সনদ প্রদানের ব্যবস্থায় আস্থা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে।

 

অনুষ্ঠানে বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী এবং আমদানি-রপ্তানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর