মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে তেল উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একদিনে প্রায় ৫ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩ ডলারে পৌঁছেছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে বিনিয়োগকারীদের মধ্যে বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
তেলের বাজারে এই ঊর্ধ্বগতির অন্যতম কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে দেখা হচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের খবর সামনে আসার পর বাজারে অনিশ্চয়তা বেড়েছে। ইরানের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক তেল সরবরাহে আরও চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কমেছে। বুধবার কাতারের উত্তর উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইল হামলার খবরও পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
অন্যদিকে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলেও তেল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেনে পরিণত হওয়া ক্রান্তীয় ঝড় ইসাইয়াস ওই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। ঝড়ের প্রভাবে শেল ও শেভরন উৎপাদন কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে। শুক্রবার বা শনিবার ঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
জ্বালানি ব্যয় বাড়ার প্রভাব পড়ছে আন্তর্জাতিক পরিবহন খাতেও। ডেনমার্কভিত্তিক শিপিং কোম্পানি মার্স্ক জানিয়েছে, রপ্তানি পণ্য সংগ্রহ ও আমদানি পণ্য সরবরাহের ক্ষেত্রে জরুরি জ্বালানি সারচার্জ বাড়ানো হচ্ছে।
তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন ধারণা বাজারে জোরালো হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৫১৫ শতাংশ হয়েছে, যা ২০০৭ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। দেশটির ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহারও বেড়ে ৬ দশমিক ০১১৭ শতাংশে উঠেছে।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বন্ডবাজারেও একই ধরনের চাপ দেখা গেছে। ফ্রান্সের ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার বেড়ে ৪ দশমিক ৯৩১ শতাংশ এবং জার্মানির সমমেয়াদি বন্ডের সুদহার ৩ দশমিক ৫০৪ শতাংশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহারও পাঁচ বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৩৩১ শতাংশ হয়েছে।
বিশ্বের শেয়ারবাজারেও তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই সূচক ১ দশমিক ৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি ২ দশমিক ৬ শতাংশ কমেছে। ইউরোপের স্টক্স ইউরোপ ৬০০ সূচকও দশমিক ৯ শতাংশ কমেছে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক দিনের শুরুতে দশমিক ৪ শতাংশ হারায়।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
এসআর