[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এলপিজি গ্যাসের দাম পুনঃনির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৭:০৩ পিএম

সংগৃহীত ছবি

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর

 গণশুনানির দিন ধার্য করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। এতে সরকারি ও বেসরকারি পর্যায়ে এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার, মজুতকরণ, বোতলজাতকরণ এবং ডিস্ট্রিবিউটর ও রিটেইলার চার্জ পরিবর্তনের বেশ কয়েকটি প্রস্তাব পর্যালোচনা করা হবে।

​বিইআরসি জানায়, আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাগুলোকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার এবং শুনানিতে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে চলমান বিশৃঙ্খলা নিরসনের দাবিতে ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা। বুধবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর ‘এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়।

​উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ করেছিল।

এসআর

সম্পর্কিত খবর