আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্ষুদে বিজ্ঞানীদের মেধা ও মেধা বিকাশের পথ সুগম করতে আর্থিক
সহায়তা প্রদান করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের আওতায় এই অনুদান দেওয়া হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড (IJSO) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে অনুদানের অর্থ ছাড় করা হয়। সোমবার (১২ অক্টোবর) ঢাকার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
মূলত বিশ্বমঞ্চে স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সুযোগ সহজতর করতে এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এই মহতী প্রয়াসের অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, বিশ্বমঞ্চে তরুণদের মেধার স্বাক্ষর রাখতে প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ শামিম সুলতানা এমন জনকল্যাণমূলক পদক্ষেপে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ায় ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও পুলিশের অ্যাডিশনাল আইজি (এইচআরএম) জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। শিক্ষা, মেধা বিকাশ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যাংকটির এ ধরনের সামাজিক অঙ্গীকার অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এসআর