চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার লক্ষ্যে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সম্পন্ন হয়েছে।
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর আওতায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী ও আশপাশের দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে তুলনামূলক বেশি সময় প্রয়োজন হয়। এতে দেশের বাণিজ্য কার্যক্রমের পাশাপাশি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বন্দরকেন্দ্রিক কার্যক্রমে গতি আনা এবং পণ্য খালাস ও পরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হলো।
এসআর