[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

৪.৫ বিলিয়ন ডলার নতুন ঋণ নিয়ে আলোচনা

সাইদুর রহমান

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ১২:১৩ পিএম

ব্যাংকক থেকে: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের বার্ষিক সভা।

বিশ্বের ১৯১টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থনৈতিক নীতিনির্ধারকদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

​

আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এই সম্মেলন চলবে। এবারের সভায় বাংলাদেশের জন্য ৪৫০ কোটি (৪.৫ বিলিয়ন) ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা এবং দেশের সার্বিক অর্থনীতি ও ব্যাংক খাতের সংস্কারের রূপরেখা নির্ধারণে বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

​

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠন, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগগুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে। একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চাওয়া হবে।

এছাড়া আইএমএফের সঙ্গে তিন বছর মেয়াদি নতুন ঋণ কর্মসূচির আওতায় নতুন অর্থায়নের বিষয়ে চূড়ান্ত আলোচনা ও দর-কষাকষি হবে।

​

বিশ্বব্যাংকের সাম্প্রতিক অর্থনৈতিক প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছিল। ব্যাংককের এই বার্ষিক সভায় দেশের অর্থ ও বাজেট খাতের চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরে নতুন তহবিলের বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে আশাবাদী বাংলাদেশের প্রতিনিধিদল।

প্রায় ১৫ হাজার আন্তর্জাতিক প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন কেন্দ্র করে কুইন সিরিকিত কনভেনশন সেন্টার ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর