মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে ভ্যাটের দাখিলপত্র (রিটার্ন) জমা দেওয়ার নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সংশোধিত অধ্যাদেশের প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে।
নতুন বিধান অনুযায়ী, তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।
নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।
তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা কোম্পানি এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও গতিশীল করার উদ্দেশ্যেই ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারায় সংশোধন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এসআর