কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টির কারণে রাজধানীতে সবজির সরবরাহ কমে যাওয়ায়
বাজারে সবজির দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজধানীর মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজারে প্রতি কেজি গোল বেগুন সর্বোচ্চ ১৪০ টাকা এবং বরবটি ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া পটল, ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা, করলা ও শসা ৮০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু, ঢ্যাঁড়স ও মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০-৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, যার প্রতি কেজি ৩০ টাকা। বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে, তবে বৃষ্টি কমলে সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম আবার স্বাভাবিক হয়ে আসবে।
এসআর