মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের জ্যাকসন হোল সম্মেলনের ভাষণের
অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা হ্রাস পেয়েছে। গত শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৮০.১৯ ডলারে নেমে আসে, যা আগের মঙ্গলবার ৩ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৪,৬৯৬.১৮ ডলারে পৌঁছেছিল। একই সাথে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৩২.৪০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া অন্যান্য মূল্যবান ধাতু—রুপা ০.৬ শতাংশ কমে ৬৮.৮৫ ডলার, প্যালাডিয়াম ০.২ শতাংশ কমে ১,৩৪৯.৪৪ ডলার এবং প্লাটিনাম ০.৩ শতাংশ কমে ১,৮৪০.৭৮ ডলারে বিক্রি হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, সম্মেলনে ফেড চেয়ারম্যান কঠোর মুদ্রানীতির পক্ষে অবস্থান নিতে পারেন, যার ফলে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম আরও কিছুটা কমতে পারে। সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়, কারণ এতে কোনো নির্দিষ্ট আয় পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা ৩৩.৭ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে এই সম্ভাবনা ৭৪.২ শতাংশ। তবে মূল্যস্ফীতি বৃদ্ধির উদ্বেগের মাঝেও বিনিময়-বাণিজ্যভিত্তিক তহবিলের অংশগ্রহণ ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত স্বর্ণ ক্রয়ের কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার ইতিবাচক থাকবে এবং দাম পুনরায় ৫,০০০ ডলারে পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসআর