[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৩:১৯ পিএম

সংগৃহীত ফাইল

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতার মধ্যেই ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে সরকারকে নতুন মূল্য নির্ধারণের অনুরোধ জানিয়েছে তারা।


বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। পাশাপাশি নতুন মূল্য ১১ জুলাই থেকে কার্যকর করার অনুরোধও জানানো হয়।


প্রস্তাব জমা দেওয়ার দিনই বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় জানিয়েছিল, পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে দেশীয় বাজারের সামঞ্জস্য বিবেচনায় রেখে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করছে সরকার। ফলে ভোজ্যতেলের দামে পরিবর্তন আসতে পারে বলে বাজারে আলোচনা চলছে।


এর আগে গত ২৯ এপ্রিল সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তের ফলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে ৯৭৫ টাকায় উন্নীত হয়।


একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে ১৮০ টাকায় নির্ধারণ করা হলেও খোলা পাম তেলের মূল্য ১৬৬ টাকাই বহাল রাখা হয়। তবে নতুন প্রস্তাবে খোলা পাম তেলের দামও লিটারপ্রতি ১৭ টাকা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন।

এসআর

সম্পর্কিত খবর