[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

ঢাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মাঠে নামছে ২০টি বিশেষ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী করে তুলতে ২০টি বিশেষ পরিবীক্ষণ দলকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলা, অনিয়ম কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আবাসনে এসব অনিয়মের প্রমাণ মিললে ফ্ল্যাটের বরাদ্দ বাতিল এবং জরিমানার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও তদারকি নিয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

 

মীর শাহে আলম বলেন, ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি বিভিন্ন সরকারি হাসপাতাল ও আবাসিক ভবনের পরিস্থিতি সরেজমিনে দেখেছেন। এরপরও সরকারি কোয়ার্টার, অভিজাত আবাসন ও হাসপাতালে পরিচ্ছন্নতার ঘাটতি এবং এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনা উদ্বেগজনক।

 

পরিবীক্ষণ দলগুলোর সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। কোথাও অব্যবস্থাপনা বা মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সরকারি আবাসনে বসবাসকারীদের নিজ নিজ বাসস্থান পরিষ্কার রাখার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

 

রাজধানীর বিভিন্ন জলাধার ও খাল পুনরুদ্ধারের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেকের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খালে পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে।

 

ডাস্টবিন চুরি রোধে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। প্লাস্টিক ও লোহার ডাস্টবিনের পরিবর্তে ফাইবার বোর্ডের তৈরি বিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন বসাবে।

 

২০টি পরিবীক্ষণ দলের সমন্বিত তৎপরতায় আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। দুই সিটি করপোরেশনের প্রতিটিতে ১০টি করে কমিটি দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা কমিটিগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর