রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে মেট্রোরেলের ৫২৭ নম্বর পিলারের নিচে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, তিন নেতার মাজারসংলগ্ন সড়কের পাশে ককটেলটি বিস্ফোরিত হয়।
তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই রাতে রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনের কাছাকাছি সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে যাত্রাবাড়ী থানার বিপরীত পাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি মিরপুর ও বাড্ডা এলাকায় গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় জানিয়েছে, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কোন ঘটনার সঙ্গে ওই গ্রেপ্তার সম্পৃক্ত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ডিএমপি জানিয়েছে, এসব ঘটনার বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এসআর