রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ভবনের পাশের একটি চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বেলা ১১টা ১২ মিনিটে ভবনটির ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআর