তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই মন্তব্যের কারণে একসময় আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলম আবারও আলোচনায় এসেছেন।
একই আদেশে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব ও কর্মস্থলেও পরিবর্তন আনা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে ঢাকার পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একই দায়িত্বে পাঠানো হয়েছে। অর্থাৎ চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা।
বিআরটিএর অনিয়ম এবং কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে কয়েক বছর আগে মো. মাসুদ আলমকে উদ্দেশ করে মন্তব্য করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওই সময় তিনি বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’
ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের পর বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। বিভিন্ন মহলে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হয়।
দীর্ঘ সময় পর এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলির আদেশে ফের আলোচনায় এসেছেন সেই কর্মকর্তা।
তবে বর্তমান বদলির আদেশে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি; অফিস আদেশে সিদ্ধান্তটিকে ‘জনস্বার্থে’ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এসআর