[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

গেন্ডারিয়ায় গোলাগুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১২:৫৯ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছাকাছি এ ঘটনা ঘটে।

আহতদের পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধ তিনজন হলেন—চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের কপালে এবং আশার ডান উরুতে গুলি লেগেছে।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ীতে থাকেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে গিয়েছিলেন।

এ সময় হঠাৎ বাইরে সংঘর্ষ ও গুলির শব্দ শুরু হলে দোকানের শাটার নামানোর চেষ্টা করেন তিনি। তখনই একটি গুলি এসে তার বুকের বাঁ পাশে, কাঁধের কাছাকাছি লাগে।

আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার বলেন, তার স্বামী মুন্সিরটেক এলাকায় চায়ের দোকান চালান।

সন্ধ্যায় দোকানের সামনে হঠাৎ মারামারি ও গুলির ঘটনা শুরু হয়। সে সময় দোকানের ভেতরে থাকা অবস্থায় আলমগীর কপালের মাঝখানে গুলিবিদ্ধ হন।

অন্যদিকে আশা আক্তার জানান, তিনি ওই এলাকাতেই বসবাস করেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। এ সময় তার ডান উরুতে গুলি লাগে। তবে কারা সেখানে গুলি চালাচ্ছিল, তা তিনি দেখেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তিনজনের হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর