রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাখালী দিক থেকে আসা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেটের পাশের গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে। সংঘর্ষে গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
এসআর