[email protected] সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

কল্যাণপুরে ছিনতাই প্রতিরোধে যুবক হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কল্যাণপুরে ছিনতাইয়ের সময় এক যুবককে হত্যার প্রায় ২১ বছর পর দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।


রোববার (১৯ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ (৪র্থ) আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল রানা ওরফে কালু এবং নাজিম উদ্দিন ওরফে নজু। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, দুজনই বর্তমানে পলাতক। তাই তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।


আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২২ জুন ভোরে বগুড়া থেকে ঢাকায় এসে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন শফিকুল আলম ওরফে শফিক। সেখান থেকে বন্ধুর বাসায় যাওয়ার পথে এশিয়া সিনেমা হলের সামনে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে।

তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শফিক বাধা দেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।


স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আকবর আলী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।


তদন্ত চলাকালে পুলিশ সোহেল রানা ও নাজিমকে গ্রেপ্তার করে। এ সময় সোহেল রানা আদালতে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিলেও পরে জামিনে মুক্ত হয়ে দুজনই আত্মগোপনে চলে যায়।


পরে তদন্ত কর্মকর্তা ২০০৬ সালের ৫ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৩ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর