[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

বৃষ্টি-জলাবদ্ধতায় রাজধানীর বহু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

টানা বর্ষণ ও এর ফলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোববারের নির্ধারিত অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি, বার্ষিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা জানান, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষা বিভাগের সঙ্গে পরামর্শ করেছিল। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনে।

 

তিনি বলেন, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর কোথাও সকালে পরীক্ষা নিয়ে দুপুরের পরীক্ষা বাতিল করা হয়েছে, আবার কিছু প্রতিষ্ঠানে দিনের সব পরীক্ষাই স্থগিত রাখা হয়েছে।

 

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ধানমন্ডি কামরুন্নেছা স্কুল, মিল্লাত হাই স্কুল, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বিসিআইসি কলেজ, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয় এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজও নির্ধারিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

 

এ ছাড়া সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজেও রোববারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ফজলুল হক মহিলা কলেজে একাদশ শ্রেণির পরীক্ষা ও অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট নোটিশে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরে আলাদাভাবে জানিয়ে দেবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর