[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

সবুজবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৫:১৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার (২৮ জুন) সকালে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিলুফার ইয়াসমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিরিছিল গ্রামের নুর ইসলামের মেয়ে। প্রায় ১৪ বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করায় নিলুফার মেয়েকে নিয়ে দক্ষিণগাঁওয়ের বাসায় বসবাস করতেন।

 

সবুজবাগ থানার এসআই মোছা. ফাতেমা জানান, পরিবারের সদস্যদের ভাষ্যমতে নিলুফার কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। সন্তানের পড়াশোনা, পারিবারিক বিষয় এবং আর্থিক নানা দুশ্চিন্তা তাকে প্রভাবিত করছিল বলে স্বজনরা জানিয়েছেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

এসআই ফাতেমা বলেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর