[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহবাগে বৈদ্যুতিক লাইনে বিড়াল ওঠায় সাময়িক বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ এলাকায় মেট্রোরেলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রায় ২৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

শনিবার (১৩ জুন) দুপুরের আগে ঘটে যাওয়া এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহবাগ স্টেশনের নিকটবর্তী বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে পড়লে সেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং সাময়িকভাবে মেট্রোরেল চলাচল স্থগিত রাখে।

ঘটনার পর স্টেশনগুলোতে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়। এ সময় চলন্ত ট্রেনগুলোও নির্দিষ্ট স্থানে থেমে যায়।

হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিছু ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দেয়।

ফলে বগির ভেতরে থাকা যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। অনেকেই অপেক্ষা না করে বিকল্প পরিবহন ব্যবহারের সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় শাহবাগ, ফার্মগেট, মিরপুর, উত্তরা ও মতিঝিলসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি ও অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। একই সঙ্গে সড়কপথের গণপরিবহনেও যাত্রীর চাপ বেড়ে যায়।

মেট্রোরেল সংশ্লিষ্টরা জানান, নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। কারিগরি দল দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করে এবং দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু হলে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়ে আসে।

তবে ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এসআর

সম্পর্কিত খবর