ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে আফসানা হাউজিংয়ের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।
গত রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা ২৬ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, এ সময় একটি ছোট ট্রাক কার্যালয়ের সামনে এসে থামে। পরে প্রায় ৩০ জন যুবক অফিসে প্রবেশ করেন। ঘটনার সময় কার্যালয়টি ফাঁকা ছিল।
প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজে রামদা ও লাঠিসোঁটা হাতে একদল যুবককে অফিসে ঢুকে বিভিন্ন কক্ষের দরজা ভাঙচুর করতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
পরে কার্যালয়ের আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম বাইরে নিয়ে গিয়ে একটি পিকআপ ভ্যানে তোলা হয়।
লুট হওয়া সামগ্রীর মধ্যে সোফাসেট, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন, টেবিল, গিজার ও নগদ টাকা রয়েছে বলে জানিয়েছেন ম্যানেজার নাসির। তাঁর ভাষ্য, কক্ষের ভেতরের এসির পাশাপাশি বাইরের ইউনিটও খুলে নিয়ে যাওয়া হয়েছে।
নাসিরের অভিযোগ, ব্যবসা পরিচালনার জন্য ৪০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ওই টাকা দিতে রাজি না হওয়ায় কার্যালয়ে হামলা চালিয়ে মালামাল লুট করা হয়।
একই অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক সজীব ব্যাপারী। তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর প্রতিষ্ঠানটির কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় পরদিন সজীব ব্যাপারী ১৬ জনের নাম উল্লেখ করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
এসআর