ভোরের আলো ফুটতেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জমে ওঠে শ্রমজীবী মানুষের ভিড়।
কারও হাতে কোদাল, কারও কাঁধে কাজের সরঞ্জাম। কোনো গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে নয়, বরং দিনভর ঘাম ঝরিয়ে দুমুঠো খাবারের সংস্থান করতেই এখানে জড়ো হন তারা। স্থানীয়ভাবে এই অস্থায়ী বাজারটি ‘মানুষ বিক্রির হাট’ নামে পরিচিত।
রোববার (২২ নভেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলসংলগ্ন ফুট ওভারব্রিজের উত্তর পাশে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বয়সী শ্রমিকেরা কাজের আশায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে গৃহস্থ ও ঠিকাদারেরা এসে শ্রমিকদের সঙ্গে দরদাম করছেন। বনিবনা হলে শ্রমিকেরা কাজের গন্তব্যে রওনা হচ্ছেন, আর যাদের কাজ জুটছে না, তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে।
প্রতিদিন ভোর থেকে বসা এই হাটে বরিশাল, পটুয়াখালী, গাইবান্ধা, রংপুর, ময়মনসিংহ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, দিনাজপুর ও সিরাজগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক জড়ো হন। সকাল ৭টার আগেই অধিকাংশ শ্রমিক কাজে চলে যান। কাজের ধরন ও দক্ষতা ভেদে দৈনিক ৬০০ থেকে ৯০০ টাকা মজুরি পান তারা। কেউ দৈনিক ভিত্তিতে, আবার কেউ ১০-১৫ দিনের চুক্তিতে নির্মাণকাজ, কৃষিকাজ কিংবা গৃহস্থালির কাজে নিযুক্ত হন।
তবে সবার ভাগ্যে প্রতিদিন কাজ জোটে না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাজ না পেয়ে অনেককে খালি হাতে ফিরতে হয়। তখন পরিচিতজনের সাহায্য কিংবা মানুষের দ্বারে দ্বারে হাত পেতে একবেলার খাবার জোগাড় করতে হয় তাদের। দিনের আহার কোনোমতে জুটলেও রাত কাটানোর নিরাপদ কোনো ঠাঁই নেই এই ভাসমান শ্রমিকদের। স্থায়ী আবাসনের অভাবে অনেকেই রাত কাটান বাস টার্মিনাল, হাসপাতালের বারান্দা কিংবা খোলা আকাশের নিচে। সামর্থ্য থাকলে কেউ কেউ ৪০ টাকা দিয়ে এক রাতের জন্য বোর্ডিংয়ে আশ্রয় নেন।
কাজের ক্ষেত্রেও নানা বঞ্চনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে শ্রমিকদের। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজের চুক্তি থাকলেও অনেক গৃহস্থ জোর করে অতিরিক্ত ২-৩ ঘণ্টা কাজ করান, না করলে মজুরি আটকে রাখেন। এ ছাড়া গৃহস্থের ছদ্মবেশে দুর্বৃত্তরা নির্জন স্থানে কাজের কথা বলে নিয়ে গিয়ে ছিনতাই ও মারধর করে বলেও অভিযোগ তাদের। বয়স্ক শ্রমিকদের দুর্দশা আরও বেশি; শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও গৃহস্থরা তরুণ শ্রমিকদের প্রাধান্য দেওয়ায় কাজ না পেয়ে বিপাকে পড়েন প্রবীণরা।
শিবালয় উপজেলার মহাদেবপুর দুবলিয়া গ্রাম থেকে আমন ধান মাড়াইয়ের জন্য শ্রমিক নিতে আসা মো. আক্তার হোসেন জানান, চার বিঘা জমির ধান মাড়াইয়ের জন্য তার দুজন শ্রমিক প্রয়োজন। শ্রমিকেরা ৮০০ টাকা মজুরি চাইলেও তিনি ৭০০ টাকায় দরদাম করছেন।
দিনাজপুর থেকে আসা শ্রমিক মো. মামুন ইসলাম বলেন, নিজ এলাকায় কাজ না থাকায় পেটের দায়ে মানিকগঞ্জে এসেছেন। শ্রমিকের সংখ্যা বেশি দেখলে গৃহস্থরা সিন্ডিকেট করে ৮০০ টাকার মজুরি ৬০০ টাকায় নামিয়ে আনেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেও অনেক সময় ন্যায্য মজুরি মেলে না, পাওনা টাকা চাইলে আরও দুদিন কাজ করার শর্ত জুড়ে দেওয়া হয়। তিনি প্রশাসনের পক্ষ থেকে তদারকি কমিটি গঠন ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান।
সিরাজগঞ্জের শ্রমিক ইকবাল হোসেন বলেন, কাজের কথা বলে অচেনা লোকজন নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর ও ছিনতাই করে। বিশেষ করে রাতে কাজে যেতে বেশি আতঙ্ক কাজ করে। অন্যদিকে, ময়মনসিংহ থেকে আসা শ্রমিক সিরাজ উদ্দিন জানান, গত পাঁচ দিন ৮০০-৯০০ টাকা মজুরিতে কাজ করলেও আজ দাম কম হওয়ায় কাজে যাননি। থাকার জায়গার অভাবে তাদের চরম ভোগান্তি পোহাতে হয় উল্লেখ করে তিনি সরকারিভাবে আবাসনের ব্যবস্থার দাবি জানান।
এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, বাসস্ট্যান্ড ও মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আশপাশে চুরির ঘটনার সঙ্গে এসব শ্রমিকের কেউ কেউ জড়িত থাকতে পারেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।
সার্বিক বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, এই ভাসমান শ্রমিকদের প্রায় ৯০ শতাংশই মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা নন। তারা বাইরে থেকে আসায় এবং চলাফেরা অনিয়মিত হওয়ায় সব সময় তাদের তদারকি করা কঠিন হয়ে পড়ে। তবে বর্তমান প্রেক্ষাপটে প্রশাসন বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। শ্রমিকদের নির্যাতন প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের মাধ্যমে একটি ডাটাবেজের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।
এইচ/এম