শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজে নবীনবরণ, সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, কোচিং সেন্টারগুলো মূলত পরীক্ষায় ভালো ফল করার প্রস্তুতি দেয়।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠ্যসূচির পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ ও জীবন সম্পর্কে বাস্তব শিক্ষা দিয়ে থাকেন। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শ্রেণিকক্ষের শিক্ষার গুরুত্ব অপরিসীম।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। আলোচনা শেষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
এর আগে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) ১৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পরিকল্পনার বিষয় তুলে ধরেন।
পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশ নেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতাও ছিল। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে এই সম্মিলিত সামরিক উদ্যোগ বিজয় অর্জনের পথকে আরও ত্বরান্বিত করে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি মুক্তিযুদ্ধে বীরত্ব, আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর অবদানের স্মারক।
২১ নভেম্বরের ঐতিহাসিক সমন্বিত অভিযান বাংলাদেশের সামরিক শক্তিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এ/এইচ/টি