[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১০:২৫ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘দেউলী উৎসব-২০২৬’।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

উৎসবে দেওয়া বক্তব্যে ডেপুটি স্পিকার সম্প্রীতি, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ হিসেবে গড়ে তুলতে চান না। এ দেশ সবার, তাই রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক চর্চায় ব্যক্তিস্বার্থের পরিবর্তে সামষ্টিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

উৎসবের উদ্বোধন করেন হাজং সমাজের নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

হাজং সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিশ্বাস, কৃষিজীবন ও লোকজ সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত দেউলী উৎসব।

এ আয়োজনকে ঘিরে গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে হাজং নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশগ্রহণকারীরা গান, নাচসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। নেত্রকোনার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের অঞ্চল থেকে হাজং সম্প্রদায়ের মানুষ উৎসবে যোগ দেন।

আয়োজকদের এ উদ্যোগ হাজং সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করারও সুযোগ তৈরি করেছে এ উৎসব।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর