[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে বিপর্যস্ত নাসিরনগর, কাজ না থাকায় চুলা জ্বলছে না শ্রমজীবীদের ঘরে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ৮:২৫ পিএম

সংগৃহীত ছবি

টানা তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নিম্ন আয়ের মানুষ।

প্রতিকূল আবহাওয়ার কারণে কাজে যেতে না পারায় দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশা-ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এতে অনেক পরিবারে দেখা দিয়েছে খাবারের সংকট।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে হাটবাজার, সড়ক ও গ্রামের রাস্তাঘাট কাদায় ভরে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় কৃষিকাজেও স্থবিরতা দেখা দিয়েছে। ধান কাটা ও রোপণসহ মাঠের বিভিন্ন কাজ বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। জমিতে পানি জমে থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

 

নাসিরনগর সদরের দিনমজুর নাহিদ মিয়া জানান, টানা তিন দিন ধরে তিনি কোনো কাজ পাচ্ছেন না। ঘরে চালের সংকট দেখা দিয়েছে। পরিবারের শিশুদের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি কমলে আবার কাজে ফিরতে পারবেন বলে আশা করছেন তিনি।

 

একই দুর্ভোগের কথা জানিয়েছেন ভ্যানচালক আলাই মিয়া ও নির্মাণশ্রমিক দিয়ারিশ মিয়াসহ অন্য শ্রমজীবীরা। তাদের ভাষ্য, বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কম থাকায় ভ্যান ও রিকশা চালিয়ে দৈনিক ১০০ টাকাও আয় করা কঠিন হয়ে পড়েছে। অথচ সংসারের খরচ প্রতিদিনই বহন করতে হচ্ছে।

 

এদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। বিশেষ করে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। বৃষ্টির কারণে পাইকারি বাজারে পণ্যের সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম বাড়ছে বলে জানিয়েছেন তারা। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন সীমিত আয়ের পরিবারগুলো।

 

কাজের অভাবের পাশাপাশি বৃষ্টির কারণে অনেক পরিবার রান্না করতে পারছে না। কেউ কেউ শুকনো খাবার খেয়েই দিন পার করছেন। অন্যদিকে ঠান্ডাজনিত অসুস্থতায় শিশু ও বয়স্কদের ভোগান্তি বাড়ছে।

 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী আরও এক থেকে দুই দিন এ ধরনের বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে বৃষ্টি দীর্ঘায়িত হলে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর