[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠা জব্দের পর কটিয়াদী থানায় আগুন দেওয়ার হুমকি, তদন্তে পুলিশ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ৭:৫৫ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকিসংবলিত পোস্টটি প্রকাশ করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি পোস্টটির পেছনে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এর আগে বুধবার রাতে নাশকতার পরিকল্পনায় ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে—এমন সন্দেহে ৪০০টি বৈঠা উদ্ধার করে পুলিশ। উপজেলার ধুলদিয়া বাজারের একটি আসবাবপত্রের দোকানে অভিযান চালিয়ে এসব বৈঠা জব্দ করা হয়। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে আটক করে আদালতে পাঠানো হয়। তবে এ কাজের নির্দেশদাতা হিসেবে অভিযানে যার নাম আসে, সেই রঞ্জু পুলিশের উপস্থিতির খবর পেয়ে আগেই সরে যান বলে সূত্র জানিয়েছে।

 

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ফেসবুক ব্যবহার করার সময় ওই অ্যাকাউন্ট থেকে থানায় আগুন দেওয়ার হুমকি এবং তাকে উদ্দেশ করে আপত্তিকর বক্তব্য দেখতে পান। তার ধারণা, অ্যাকাউন্টটি ভুয়া।

 

তিনি আরও জানান, পোস্টে কারা প্রতিক্রিয়া জানিয়েছেন, মন্তব্য করেছেন কিংবা শেয়ার করেছেন, পাশাপাশি অ্যাকাউন্টটির বন্ধু তালিকাও তদন্তের আওতায় আনা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ইতোমধ্যে জিডি করা হয়েছে এবং প্রযুক্তিগতভাবে তদন্ত অব্যাহত রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর