গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বকেয়া পাওনা ও মজুরি বৃদ্ধির দাবিতে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। এ ঘটনায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে প্রবেশ না করে বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা একত্র হয়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এর আগে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত কারণে রোববার (১৫ নভেম্বর) গাজীপুরের অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফার ইস্ট, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংয়ের অধীন একাধিক প্রতিষ্ঠান এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে সরকারি ঘোষণার প্রেক্ষাপটে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেও উৎপাদন কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শ্রমিকদের কর্মবিরতির কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এফ/ডি