গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন বিজিবি সদস্যদের একটি উল্লেখযোগ্য অংশের শরীরে বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও জেলার নিরাপত্তা পরিস্থিতি এবং সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে। এর মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুসারে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় কাজ করছেন তারা।
দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সংযম বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বাহিনীটি প্রয়োজনীয় দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
এফ/ডি