[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

বাঁশখালীতে বাবা, যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার, হেফাজতে স্ত্রীসহ তিনজন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ ১১:৫৫ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে একটি বাড়ির কক্ষ থেকে এক ব্যক্তি ও তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি এলাকার বদি আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। তাঁর দুই কন্যাশিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

বাঁশখালী থানা পুলিশের উপপরিদর্শক মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে পারিবারিক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে জাহেদ ও তাঁর স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে স্ত্রী আফিয়া বেগম পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি সামাজিক অনুষ্ঠানে যান। এ সময় যমজ দুই সন্তানসহ জাহেদ শ্বশুরবাড়িতেই ছিলেন।

নিহতের স্ত্রী আফিয়া বেগমের দাবি, দুপুর ১২টার দিকে অনুষ্ঠানে যাওয়ার সময় দুই মেয়েকে সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। তবে স্বামী নিষেধ করায় সন্তানদের বাড়িতে রেখেই চলে যান।

বিকেলে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ কিংবা মানসিক হতাশার কারণে জাহেদ দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর