[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে এমপির বহরের গাড়িসহ ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ ৪:৪৭ পিএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একে একে ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে।

এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক অন্যান্য যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

 

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে ২০ থেকে ২৫ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে তাঁর গাড়িবহর বরইতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্যের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

 

দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর