ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে জামগরা এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকেরা হাজিরা কার্ড পাঞ্চ করেই কাজ না করে বেরিয়ে যান। পরে তাঁদের কয়েকজন আশপাশের সড়কে অবস্থান নিয়ে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
এদিকে দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় তাহারাত কম্পোজিট লিমিটেড কারখানায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। শিল্প পুলিশের দাবি, বহিরাগত কয়েকজন আন্দোলনকারী কারখানা কর্তৃপক্ষকে ছুটি ঘোষণার জন্য চাপ দেন। একপর্যায়ে কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করা হলে কোয়ালিটি বিভাগের জুনিয়র কিউআই মো. সজিব হাসান মাথায় আঘাত পান। পরে তাঁকে স্থানীয় সিটি হাসপাতালে নেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ শ্রমিকই কাজে আগ্রহী। তবে বাইরে থেকে উসকানি দিয়ে তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা ছড়িয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, সকালে নেক্সট কালেকশনের এক শ্রমিক কার্ড পাঞ্চ করে বেরিয়ে এএম ডিজাইনের কারখানার ফটকে ইট ছুড়ছিলেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কারণে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো হলো—অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড। একই সিদ্ধান্তে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও বন্ধ রয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের আরও তিনটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এগুলো হলো নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড। সব মিলিয়ে বর্তমানে সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, এভাবে কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট শ্রমিকেরা ওই সময়ের মজুরি পান না। অর্থাৎ এ ক্ষেত্রে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বন্ধ কারখানাগুলোর কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের আলোচনা হয়েছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এফ/ডি